অর্থনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সিলেটের আলোচিত বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী সারা বহিষ্কার
অর্থনৈতিক কর্মকাণ্ড, শৃঙ্খলাভঙ্গ এবং গুরুতর অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ছাত্রশক্তির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মালেকা খানম সারাকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্ত করে সংগঠনের শৃঙ্খলা কমিটি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি, তদবিরবাজি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। এছাড়া ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে আর্থিক লেনদেনসহ অনৈতিক কার্যকলাপের অভিযোগও উঠে আসে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
এর আগে মালেকা খানম সারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন এবং কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাও আলোচনায় আসে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
এসব ঘটনার প্রেক্ষিতে সংগঠনটি জানায়, শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের নীতি-আদর্শ বজায় রাখতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।
এই নিউজ ৫১৫ বার পড়া হয়েছে