[english_date], [bangla_date], [hijri_date]

টিলাগড়ে ‘ইয়াবা জুনেদ’ বাহিনীর দাপট

প্রকাশিত May 16, 2026, 08:15 AM
টিলাগড়ে ‘ইয়াবা জুনেদ’ বাহিনীর দাপট

খোলস পাল্টে এখনো রমরমা মাদক ও ছিনতাই বাণিজ্য

সিলেট নগরের টিলাগড় এলাকায় সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম জুনেদ আহমদ ওরফে ‘ইয়াবা জুনেদ’। রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘ দিন ধরে মাদক ও ছিনতাইয়ের সিন্ডিকেট চালানো এই যুবলীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও বর্তমানে ভোল পাল্টে বহাল তবিয়তে তার অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টিলাগড় আজাদ গ্রুপের নাম ভাঙিয়ে জুনেদ এলাকায় ওপেন ইয়াবা ব্যবসা ও ছিনতাই চক্র নিয়ন্ত্রণ করত। সরকার পরিবর্তনের পর কৌশল পরিবর্তন করলেও তার মূল ব্যবসা এখনো মাদক। অভিযোগ রয়েছে, দলের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু অসাধু নেতাকে মোটা অংকের মাসোহারা দিয়ে সে এখনো নিজেকে নিরাপদ রেখেছে। তার ছোট ভাই ছাত্রলীগ নেতা হাসান এবং আজাদ গ্রুপের প্রভাবশালী কয়েকজনের সাথে সখ্যতাকে কাজে লাগিয়ে সে এলাকায় প্রভাব বিস্তার করে চলেছে।

অনুসন্ধানে জানা যায়, জুনেদের বিরুদ্ধে মাদক পাচার, ছিনতাই এবং মারামারিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা (ডেবিল মামলাসহ) বিচারাধীন। স্থানীয়দের ভাষ্যমতে, টিলাগড় ও এর আশপাশ এলাকায় ইয়াবার পাইকারি ও খুচরা বিক্রির অন্যতম নিয়ন্ত্রক সে। নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তার নির্দেশে ছাত্রলীগের নামধারী কর্মীরা ছিনতাই কার্যক্রম চালায়। আলোচিত ‘ইয়াবা রকি’ এবং ছাত্রলীগের একদল বিতর্কিত কর্মীকে নিয়ে সে নিজস্ব একটি ক্যাডার বাহিনী গড়ে তুলেছে।

এলাকাবাসী জানান, জুনেদ ও তার বাহিনী এতটাই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠেছে। টিলাগড় পয়েন্টের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সে একেক সময় একেক পরিচয় দেয়। আগে ছিল সরাসরি যুবলীগ, এখন বড় নেতাদের টাকা দিয়ে ম্যানেজ করে আড়ালে থেকে মাদক ব্যবসা চালাচ্ছে। তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে।

এই বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। জুনেদসহ তার সহযোগীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং অতি দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।

টিলাগড়বাসীর দাবি, মাদকের বিষবৃক্ষ ওপড়ানো এবং ছিনতাইমুক্ত এলাকা গড়তে ‘ইয়াবা জুনেদ’ ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

এই নিউজ 319 বার পড়া হয়েছে