[english_date], [bangla_date], [hijri_date]

সিলেটে প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্স লুট

প্রকাশিত May 17, 2026, 07:55 AM
সিলেটে প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্স লুট

সিলেট নগরীতে অভিনব কায়দায় প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্সের টাকা লুট করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নগরীর ১০নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসার মূল গেটের সামনে এই চুরির ঘটনা ঘটে।

শুধু এই মাদরাসাই নয়, একই রাতে আশপাশের আরও কয়েকটি মসজিদের দানবাক্সও একইভাবে ভেঙে টাকা লুট করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ইতিমধ্যে দানবাক্স চুরির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নগরজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোররাত আনুমানিক ৩টা ৪৬ মিনিটে একটি সাদা রঙের প্রাইভেট কার এসে মাদরাসার দানবাক্সের সামনে থামে। গাড়িটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভেতর থেকে এক যুবক নেমে চারপাশ পর্যবেক্ষণ করেন।

এরপর গাড়ি থেকে সাদা টি-শার্ট পরিহিত আরও এক যুবক বের হন। তারা দুইজন মিলে আধুনিক ড্রিল মেশিন দিয়ে দানবাক্সের তালা কেটে ফেলেন এবং ভেতরের সব টাকা লুটে নেন। টাকা নিয়ে তারা গাড়িতে ওঠার সময় পাশ দিয়ে একটি মোটরসাইকেল চলে যেতে দেখা যায়। মোটরসাইকেলটি পার হওয়ার পর এক যুবক আবারও গাড়ি থেকে নেমে দানবাক্সের ভেতরে থাকা অবশিষ্ট টাকাগুলো ব্যাগে ভরে নেন। এরপর দ্রুত গতিতে প্রাইভেট কারটি নিয়ে দুর্বৃত্তরা স্থান ত্যাগ করে।

এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে একই চক্র একই কায়দায় এলাকার আরও কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের দানবাক্স ভেঙে টাকা চুরি করেছে। নগরীর বুকে এমন ‘লাক্সারি’ স্টাইলে চুরির ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, অপরাধীরা কতটা বেপরোয়া হলে প্রাইভেট কার ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা চুরি করতে পারে! তারা দ্রুত এই চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চুরির সিসিটিভি ফুটেজটি আমাদের নজরে এসেছে। এখন পর্যন্ত মাদরাসা কর্তৃপক্ষ বা ভুক্তভোগী কারও পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ না পেলেও বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পুলিশের দুইজন সাব-ইন্সপেক্টরসহ (এসআই) একটি বিশেষ দল ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।

উল্লেখ্য, সম্প্রতি সিলেট মহানগর বিএনপির সভাপতির গাড়ি থেকে ৫০ লাখ টাকাসহ মোট ৭০ লাখ টাকা লুটের একটি বড় ঘটনার রেশ কাটতে না কাটতেই এই অভিনব চুরির ঘটনা ঘটল।

এই নিউজ 310 বার পড়া হয়েছে