[english_date], [bangla_date], [hijri_date]

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা

প্রকাশিত October 13, 2026, 07:21 AM
আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা

সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট (মানি এক্সচেঞ্জ বিল্ডিং) এলাকায় দালালদের দৌরাত্ম্য, ডলার বিনিময়ে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে।

এতে প্রবাসী, বিদেশি শিক্ষার্থী ও পর্যটকেরা ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অভিযোগ রয়েছে, মার্কেটের সামনে সক্রিয় ২০-৩০ জনের একটি দালাল চক্র ভালো রেট দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের ভেতরে নিয়ে যায়। পরে কম রেটে ডলার বিনিময়, পথচারীদের হয়রানি ও নারী পর্যটকদের উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। এ ঘটনায় সিলেটে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পর্যটন খাতের সুনাম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের অভিযোগে দালাল হিসেবে নিকুল, হাসিম, এনাম, আনোয়ার, খুকন, লাহিন, জুবু, রুহেল, কয়েস, সাইদ, মুমিন ও আমির আলীর নাম উঠে এসেছে। পাশাপাশি তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে দোকানদার সুজিদ, লাকি মিয়া ও বাবলার নাম উল্লেখ করা হয়েছে।

সুরমা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ জানিয়েছেন, গ্রাহক হয়রানি বন্ধে প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং সম্মিলিত উদ্যোগে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ সম্পাদক সালেহ আহমদ (গেদা) দাবি করেছেন, হয়রানিকারীরা মার্কেটের ব্যবসায়ী বা কর্মচারী নন; তারা বাইরের লোক।

সচেতন মহল মনে করছে, প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সিলেটের আন্তর্জাতিক সুনাম অক্ষুণ্ন রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, অভিযোগ তদন্ত, নিয়মিত অভিযান ও বিশেষ টাস্কফোর্স গঠন জরুরি।

এই নিউজ 321 বার পড়া হয়েছে