সাংগঠনিক শৃঙ্খলা, দলীয় আদর্শ ও নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাহেদ আহমদকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা, পৌরসভা ও এর আওতাধীন সব পর্যায়ের ছাত্রদলের কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সিলেট জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা, দলীয় আদর্শ ও নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং দলের কার্যক্রম নিয়ে মিথ্যা তথ্য প্রচার, বিভ্রান্তিকর বক্তব্য প্রদান ও অযৌক্তিক সমালোচনা করার প্রমাণ পাওয়ায় সাহেদ আহমদকে ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রমে অধিকতর গতিশীলতা, শৃঙ্খলা ও পুনর্গঠনের স্বার্থে গোলাপগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ পৌরসভা এবং এর আওতাধীন সব পর্যায়ের ছাত্রদলের কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিলুপ্ত ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।
এই নিউজ 363 বার পড়া হয়েছে