[english_date], [bangla_date], [hijri_date]

রাণাপিং আদর্শ শিশু বিদ্যালয়ে ৩ লাখ টাকার অনুদান দিল আদর্শ শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট

প্রকাশিত October 8, 2026, 04:33 PM
রাণাপিং আদর্শ শিশু বিদ্যালয়ে ৩ লাখ টাকার অনুদান দিল আদর্শ শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক:
রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাথমিক শাখা ‘আদর্শ শিশু বিদ্যালয়’-এর উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে আদর্শ শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট। একই সঙ্গে ট্রাস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাথমিক শাখার প্রথম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত আদর্শ শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নগদ ৩ লাখ টাকার অনুদানের চেক প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর ও ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্টের মুখপাত্র ও আমেরিকা প্রবাসী মাসুম আহমদ বলেন, “এই প্রতিষ্ঠান থেকেই আমাদের প্রাথমিক শিক্ষার যাত্রা শুরু হয়েছে। তাই দূর প্রবাসে থাকলেও প্রতিষ্ঠানের প্রতি আমাদের ভালোবাসা ও আবেগ কাজ করে। এ কারণেই প্রথম ব্যাচের বন্ধুরা মিলে আমরা আদর্শ শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট গঠন করেছি।”
তিনি বলেন, ট্রাস্টের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিশুদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের আরেক মুখপাত্র মাহফুজুর রহমান শিপন, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদ, অধ্যক্ষ মহিউদ্দীন জাকারিয়া চৌধুরী, আদর্শ শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা সিদ্দিকা লাভনী, সিনিয়র শিক্ষিকা স্বপ্না বেগম, নেহারুন বেগম, শিক্ষক রুমান আহমদসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
ট্রাস্টের সদস্যরা জানান, যাত্রার শুরুতেই ৩ লাখ টাকার এই অনুদান শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের একটি প্রাথমিক পদক্ষেপ। ভবিষ্যতে ট্রাস্টের সামর্থ্য অনুযায়ী আরও বিভিন্ন শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এ কার্যক্রমে প্রবাস থেকে সম্পৃক্ত রয়েছেন ট্রাস্টের সদস্য ইমরান আহমদ (যুক্তরাজ্য), কাওসার হোসাইন (সৌদি আরব), ফাহাদ আহমদ (যুক্তরাষ্ট্র), আবু সুফিয়ান রনি (যুক্তরাজ্য), ফয়ছল আহমদ (যুক্তরাষ্ট্র), মারজু চৌধুরী (যুক্তরাষ্ট্র), তাওহীদ এলাহী (ফ্রান্স), সাব্বির আহমদ (যুক্তরাজ্য), শিপন আহমদ (যুক্তরাজ্য) প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে শিশু শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় অবদান রাখাই ট্রাস্টের অন্যতম লক্ষ্য।

এই নিউজ 381 বার পড়া হয়েছে