[english_date], [bangla_date], [hijri_date]

শিগগিরই আসছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় একঝাঁক তরুণ নেতা

প্রকাশিত October 31, 2026, 12:39 PM
শিগগিরই আসছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় একঝাঁক তরুণ নেতা

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। দীর্ঘ প্রতীক্ষার পর শিগগিরই নতুন কমিটি ঘোষণা হতে পারে—এমন প্রত্যাশাকে কেন্দ্র করে পদপ্রত্যাশী নেতাদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। চায়ের টেবিল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই আলোচনায় রয়েছেন সম্ভাব্য নেতৃত্বে থাকা একঝাঁক তরুণ ছাত্রনেতা।

নতুন কমিটিতে স্থান পেতে আগ্রহী নেতাদের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ নেতার সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক ত্যাগ ও অতীতের কর্মকাণ্ড তুলে ধরছেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরার তৎপরতাও চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আব্দুস সামাদ লস্কর মুনিম, রুবেল ইসলাম, আজহার আলী অনিক, আবুল হোসেন, শফিকুল ইসলাম রাজীব, জহিরুল ইসলাম আলাল ও আফজাল হোসেনসহ আরও কয়েকজন তরুণ ছাত্রনেতা। তবে নতুন কমিটিতে কারা কোন পদে আসছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

নতুন নেতৃত্ব নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যেও রয়েছে নানা প্রত্যাশা। তাদের মতে, সংগঠনকে গতিশীল করতে হলে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয়, ত্যাগী, মেধাবী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের মূল্যায়ন করা প্রয়োজন। বিশেষ করে প্রতিকূল পরিস্থিতিতে যারা সংগঠনের কার্যক্রম চালিয়ে গেছেন, তাদের অবদান বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

ছাত্রদলের নতুন কমিটি গঠনকে সামনে রেখে সিলেটের ছাত্ররাজনীতিতে নতুন করে সাংগঠনিক তৎপরতা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জেলা ও মহানগর ইউনিটে নেতৃত্বের পরিবর্তন সংগঠনের কার্যক্রমে কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়েও আগ্রহ রয়েছে নেতাকর্মীদের মধ্যে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা, ত্যাগ ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়ে নতুন কমিটি গঠন করা হবে। এখন সবার নজর কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের দিকে। শেষ পর্যন্ত কারা নতুন নেতৃত্বে আসছেন, তা জানতে অপেক্ষায় রয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।

এই নিউজ 322 বার পড়া হয়েছে