[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার

প্রকাশিত November 3, 2026, 01:08 PM
গোলাপগঞ্জে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি জাহিদুল ইসলামকে (২২) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব-১১।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নরসিংদীতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এসআই শংকরের নেতৃত্বে পুলিশ ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ভুক্তভোগী ২৪ বছর বয়সী এক নারী বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় জাহিদুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে পূর্বের সংসার ছেড়ে আসতে উৎসাহিত করেন অভিযুক্ত। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী নারী আইনের আশ্রয় নিয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। অবশেষে পুলিশ ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এই নিউজ 334 বার পড়া হয়েছে