ডেস্ক রিপোর্ট :সিলেট নগরের প্রধান পাইকারি বাজার কালীঘাট, লালদীঘিরপাড় ও মহাজনপট্টি এলাকায় পণ্যবাহী যানবাহন থেকে চাঁদাবাজির ভয়াবহ জাল বিছিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। কোনো মাসিক চুক্তি নয়- কালীঘাটে পণ্যবাহী ট্রাক বা পিকআপ একবার প্রবেশ করলেই দিতে হয় ১০০ টাকা। পুলিশ কর্মকর্তা ও স্থানীয় লাইনম্যানদের যৌথ সমন্বয়ে গড়ে ওঠা এই ‘এন্ট্রি টোকেন’ বাণিজ্যের মূল নিয়ন্ত্রক এসএমপির ট্রাফিক বিভাগের ট্রাফিক ইনস্পেক্টর ও বর্তমানে ওসি এমটি জাহেদুল।
দৈনিক স্বাধীনতার অনুসন্ধানে এই অসাধু চক্রের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হাতে এসেছে ওসি এমটি জাহেদুল, তার মনোনীত লাইনম্যান এবং জেলা ট্রাক-পিকআপ সমিতির সদস্য নুরুর কথোপকথনের অডিও কল রেকর্ড। সেই সাথে বিকাশ অ্যাকাউন্টে ঘুষের টাকা লেনদেনের একাধিক দালিলিক প্রমাণও এখন দৈনিক স্বাধীনতার কাছে।
কালীঘাটে মালামাল আন-লোড করতে আসা যানবাহনগুলো প্রবেশপথেই আটকে দেয় লাইনম্যানরা। গাড়িপ্রতি ১০০ টাকা আদায় করে তবেই দেওয়া হয় প্রবেশের অনুমতি।
দৈনিক স্বাধীনতার হাতে আসা কল রেকর্ডে এক লাইনম্যানকে ওসি এমটি জাহেদুলের সাথে হিসাব কষে বলতে শোনা যায়:
”স্যার, গাড়ি টোটাল ৯টা হইছে। ২টা বাদ দিলে ৭০০ পাইবায়। ৭০০ ছাড়রাম আমার মোবাইল তাকি।”
এরপরই লাইনম্যান ফোন ধরিয়ে দেন সমিতির সদস্য নুরুকে। ফোনে নুরুর কাছ থেকে কয়টি গাড়ি ঢুকলো এবং ঘুষের টাকা দ্রুত পৌঁছানোর তাগিদ দেন টিআই জাহেদুল নিজেই। টাকা পেলেই গাড়িতে বিশেষ সংকেত দেওয়া হয়, যার ফলে নো-পার্কিং এলাকায় ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকলেও মেলে আইনি ছাড়। আর টাকা না দিলে তাৎক্ষণিক রেকার লাগিয়ে দেওয়া হয়।
চাঁদাবাজির অর্থ সংগ্রহে সরাসরি বিকাশ ব্যবহার করছে চক্রটি। হস্তগত দালিলিক প্রমাণে দেখা যায়, লাইনম্যানদের অ্যাকাউন্ট থেকে ওসি এমটি জাহেদুল ও তার সহযোগীদের ব্যক্তিগত বিকাশ নম্বরে বিভিন্ন সময় টাকা ক্যাশ-ইন করা হয়েছে।
অনুসন্ধানে প্রকাশ পাওয়া এই সিন্ডিকেটের ৮ সদস্য হলেন: ওসি এমটি জাহেদুল, টিআই মুজিবুর, সার্জেন্ট তপু, সোহেল রানা, আরাফাত, যুবরিয়া সালাম, এসএমপির উপ কমিশনার (ট্রাফিক) এর বডিগার্ড আহাদ ও ড্রাইভার সিনু এবং কালীঘাটের লাইনম্যান নুরু।
এই নিউজ 419 বার পড়া হয়েছে