[english_date], [bangla_date], [hijri_date]

ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন: নতুন সুচনার পথে বাংলাদেশ

প্রকাশিত August 5, 2025, 07:41 PM
ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন: নতুন সুচনার পথে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট::
বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) রাতের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন আয়োজনের জন্য শিগগিরই প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠানো হবে। তিনি বলেন, “আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হবে। আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে দেশের প্রতিটি নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে।”

অধ্যাপক ইউনূস বলেন, সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রতিটি ধাপে সব ধরনের সহায়তা করা হবে, যাতে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। তিনি আরও যোগ করেন, “এবারের নির্বাচন আনন্দ-উৎসব, শান্তি-শৃঙ্খলা, ভোটার উপস্থিতি, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে—এই লক্ষ্যেই আমরা প্রস্তুতি শুরু করছি।”

ভোটারদের অংশগ্রহণ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধান উপদেষ্টা বিশেষভাবে প্রবাসীদের উল্লেখ করেন। তিনি বলেন, “অর্থনৈতিকভাবে বিধ্বস্ত বাংলাদেশ যে ঘুরে দাঁড়াতে পেরেছে, তার বড় কারণ রেমিট্যান্স যোদ্ধাদের অবদান। এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করব।”
নারী ভোটারদের অংশগ্রহণ নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। “নারী ভোটাররা যেন দেশের সর্বত্র নির্দ্বিধায়, আনন্দ-উৎসাহ সহকারে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হবে। এবারের নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ,” বলেন প্রধান উপদেষ্টা।
জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অধ্যাপক ইউনূস স্পষ্ট বার্তা দিয়েছেন যে, এবারের নির্বাচন শুধু রাজনৈতিক পরিবর্তনের নয়, বরং একটি নতুন বাংলাদেশের পথে অগ্রযাত্রার সূচনা হতে যাচ্ছে।

এই নিউজ 413 বার পড়া হয়েছে