১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ণ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিসিক কার্যালয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের আগে আব্দুল কাইয়ুম চৌধুরী ঢাকা থেকে সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি সিটি করপোরেশন কার্যালয়ে যান এবং প্রশাসকের চেয়ারে বসেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট নগরীর সার্বিক উন্নয়ন কার্যক্রম এখন থেকে আরও বেগবান হবে। নগরবাসী যাতে দ্রুততম সময়ের মধ্যে মানসম্মত নাগরিক সেবা পান, সেটি নিশ্চিত করতে সর্বোচ্চ জোর দেওয়া হবে। সিসিকের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

দায়িত্ব গ্রহণকালে সিসিক কার্যালয়ে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রেজাই রাফিন সরকার,
সিসিকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, গত রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এই নিউজ ৩৫৯ বার পড়া হয়েছে