গোলাপগঞ্জ প্রতিনিধি : বিএনপি সরকার জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করতে রাজি নয় মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন করলে তেল, গ্যাস, বিদ্যুৎ নিয়ে সিন্ডিকেট করতে পারবে না এই সরকার। জুলাই সনদ বাস্তবায়ন করলে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত, পুলিশকে দলের পেটোয়াবাহিনীতে পরিণত, প্রশাসনে দলীয় সান্ডাপান্ডা নিয়োগ, তত্বাবধায়ক সরকারকে নিজের দলের আজ্ঞাবহ বাহিনী বানিয়ে নির্বাচন কমিশনকে দলীয় কমিশনে পরিণত করে নির্বাচনে তারা মেকানিজম আর ইঞ্জিনিয়ারিং করতে পারবে না।
মামুনুল হক বলেন, যেই জুলাই বিপ্লব শুরু হয়েছে সেই জুলাই বিপ্লব শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে না পারব, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করতে না পারব ততদিন জুলাই বিপ্লব অব্যাহত থাকবে। জুলাই বিপ্লবের ফসল তুলে আমাদের ঘরে ফিরতে হবে।
তিনি গতকাল রোববার (১১ অক্টোবর) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরে বাংলাদেশ খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত তেল, গ্যাস ও বিদ্যুৎতের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে গোলাপগঞ্জ উপজেলার সভাপতি ক্বারী সাঈদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক এবং সহসাধারণ মাওলানা আবুল হোসেন জিরানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন-কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ উল্লাহ, মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ আব্দুল আজিজ, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-গোলাপগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি আব্দুল আহাদ আনছারী, ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, জেলা নির্বাহী সদস্য মাওলানা আবুল হোসেন সুফি, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, ১১ দলীয় জোটের সমন্নয়ক পৌর জামায়াত নায়বে আমীর জিন্নুর আহমদ চৌধুরীসহ আরও অনেকে।
এই নিউজ 321 বার পড়া হয়েছে