বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের সম্মানে যুক্তরাজ্যে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল যুক্তরাজ্যের পামট্রি ব্যাংকুয়েটিং হলে ‘ওয়ান বাংলাদেশ ইউকে’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যে বসবাসরত দিরাই-শাল্লার বিশিষ্ট নাগরিকসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অ্যাডভোকেট শিশির মনির বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের ওপর গুরুত্বারোপ করেন। পরে উপস্থিত অতিথিরা প্রশ্নোত্তর পর্বে তাঁর সঙ্গে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনায় অংশ নেন।
আলোচনায় দেশের আইন ও বিচারব্যবস্থা, প্রশাসনিক স্বচ্ছতা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি প্রবাসীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, দেশের মাদক সমস্যা, প্রবাসীদের জমি দখল, বন্দরে অবৈধ আয়ের অভিযোগ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জটিলতা এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারি প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তব্যে ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা দেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। অ্যাডভোকেট শিশির মনির সেসব প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে তাঁর মতামত তুলে ধরেন। তাঁর বক্তব্য ও আলোচনায় উপস্থিত অতিথিরা আগ্রহের সঙ্গে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক, সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তফজ্জুল মিয়া, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট ও সাংবাদিক শফিকুল ইসলাম, এলবি২৪-এর ম্যানেজিং এডিটর ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সানরাইজ টুডের সম্পাদক সাংবাদিক এনাম চৌধুরী, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আশিকুর রহমান আইয়ুব করম আলী, আবুল কাশেমসহ যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সমসাময়িক বিষয়, রাষ্ট্র সংস্কার, আইনের শাসন এবং প্রবাসীদের অধিকার নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে ওঠে।
এই নিউজ 309 বার পড়া হয়েছে