৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

পাথরকাণ্ডে পাল্টে গেল সিলেটের প্রশাসনিক চিত্র: কোম্পানিগঞ্জের ইউএনও বদলি

প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ণ
পাথরকাণ্ডে পাল্টে গেল সিলেটের প্রশাসনিক চিত্র: কোম্পানিগঞ্জের ইউএনও বদলি

ডেস্ক রিপোর্ট::
পাথরকাণ্ডে পাল্টে গেল সিলেটের প্রশাসনিক চিত্র। পাথরলুটে প্রশাসনের যোগসাজশ রয়েছে, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এমন মন্তব্যের একদিনের মাথায় দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে।

সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এদিকে আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে সিলেটের নতুন ডিসি নিযুক্ত করে সোমবার প্রজ্ঞাপন জারী করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপরদিকে সাদাপাথরের পাথর লুট ও চুরির ঘটনায় নিরব ভূমিকা পালনকারী কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে।

একইদিন সোমবার আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। সেখানে দায়িত্বে থাকা ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়েছে।

নতুন ইউএনও শফিকুল ইসলাম ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি ফেঞ্চুগঞ্জে দায়িত্বে ছিলেন।

সাদাপাথর লুটের ঘটনায় ইউএনও আজিজুন্নাহারের ভূমিকা ও দায়িত্বশীল আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। উল্টো তার বিরুদ্ধে লুটপাটে সহযোগিতার অভিযোগও উঠে আসে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে ব্যাপক সমালোচনা। গণমাধ্যমেও একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেননি তিনি।

একই দিনে বদলি করা হয় সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকেও। তার স্থলাভিষিক্ত হয়েছেন র‌্যাবের সাবেক আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি উপসচিব পদমর্যাদায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে রোববার ঢাকায় এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান স্থানীয় প্রশাসনের যোগসাজশে সাদাপাথর লুটের অভিযোগ তোলেন। তার একদিন পরই বদলির মুখে পড়েন ডিসি ও ইউএনও।

স্থানীয়দের অভিযোগ, কোম্পানীগঞ্জে দায়িত্বে থাকাকালে ইউএনও আজিজুন্নাহার যুবদল নেতা বাহার আহমদ রুহেলের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। বাহার আহমদ ভোলাগঞ্জ কোয়ারির অন্যতম শীর্ষ লুটেরাদের একজন। তিনি ইউএনওর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং মাসোহারা আদায়ের মাধ্যমে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন— এমন জনশ্রুতি ছড়িয়েছে এলাকায়।

উল্লেখ্য, দেশে ৫১টি কোয়ারির মধ্যে সিলেটের কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে রয়েছে আটটি। এছাড়া সাদাপাথর, জাফলং, বিছনাকান্দি, উৎমাছড়া ইত্যাদি এলাকাও পরিচিত পর্যটনকেন্দ্র। ভারতের পাহাড়ি নদী থেকে এসব পাথর আসে।

২০২০ সালের আগে সংরক্ষিত এলাকা বাদ দিয়ে ইজারার মাধ্যমে পাথর উত্তোলনের সুযোগ ছিল। তবে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির কারণে সে বছর থেকে কোয়ারি ইজারা বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই রাতের অন্ধকারে অবৈধভাবে পাথর উত্তোলন চলে আসছে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় এক বছর ধরে সিলেটের কোয়ারিগুলোয় বেপরোয়া লুটপাট চলে। সম্প্রতি জেলা প্রশাসন কোম্পানীগঞ্জ ধলাই সেতুর ভাটি এলাকায় বালু উত্তোলনের ইজারা দিলে সেটিকে পুঁজি করেই শুরু হয় সাদাপাথর লুট। দুদকের তথ্য অনুযায়ী, টানা দুই সপ্তাহ প্রতিদিন অন্তত ৫০ হাজার মানুষ লুটপাটে জড়িত ছিলেন।

এ ঘটনায় স্থানীয় সব রাজনৈতিক দলের নেতারা ও প্রশাসনের কিছু কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। দিনের বেলায় শত শত নৌকায় পাথর বহন করা হলেও প্রশাসন নিরব ছিল।

সমালোচনার মুখে বিএনপি কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি শাহাব উদ্দিনের পদ স্থগিত করে। যদিও পাথরলুটে জড়িত আরও অনেক প্রভাবশালী রয়েছেন, গ্রেপ্তার করা হয়েছে শুধু পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা আলমগীর আলমকে।

হাইকোর্ট এরই মধ্যে সাত দিনের মধ্যে লুট হওয়া পাথর উদ্ধার করে প্রতিস্থাপন এবং সংশ্লিষ্টদের তালিকা আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন। এরপর সেনাবাহিনী ও যৌথবাহিনী মোতায়েন করা হলেও উদ্ধারকৃত পাথরের পরিমাণ লুটের তুলনায় নগণ্য।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় ৮০ শতাংশ পাথর লুট হয়ে গেছে। এর প্রভাবে সাদাপাথর এলাকায় পর্যটকও কমে গেছে। কালাইরাগ এলাকায় জব্দ হওয়া কিছু সাদাপাথর ভোলাগঞ্জ ১০ নং এলাকায় প্রতিস্থাপন করা হলেও তা ছিল খুবই সামান্য।

সিলেটের ডিসি ও কোম্পানীগঞ্জের ইউএনও’র পরিবর্তনের সংবাদ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষজনের মাঝে যেনো খুশীর বন্যা বইতে শুরু হয়েছে। অনেকে ফেসবুকে ‘এবার কাজের কাজ হবে’ ‘এবার খেলা হবে’ লিখে পোস্ট করেছেন।

তবে সচেতন নাগরিকরা মনে করছেন সিলেটের প্রাকৃতিক সম্পদ রক্ষায় নতুন ডিসি তার অভিজ্ঞতাকে কাজে লাগবেন।

এই নিউজ ৩৩০ বার পড়া হয়েছে