ডেস্ক রিপোর্ট::
দীর্ঘদিন ধরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদল আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। ২০২১ সালে আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে রাজনৈতিক নিপীড়নে বিধ্বস্ত ছিলেন নেতাকর্মীরা। এবার প্রায় ৫ বছর পর গোলাপগঞ্জে কর্মিসভা করতে যাচ্ছে যুবদল।
শনিবার (২৩ আগস্ট) বেলা ২টায় গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে উপজেলা যুবদলের ও বিকেল ৫টায় পৌরসভা মাঠে পৌর যুবদলের উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হবে।
কর্মিসভায় জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন প্রধান অতিথি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়াও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কর্মিসভা থেকে আগামী কমিটির রূপরেখা তৈরি হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। ফলে কর্মিসভাকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। দলীয় পদ নিয়ে সবার আশা থাকলেও জেলার কাছে সকলের দাবি- নেতৃত্ব নির্বাচনে যেন দলের ত্যাগীদের জায়গা দেওয়া হয়, দলের দুর্দিনে যারা দলকে সার্ভিস দিয়েছেন তারাই যেন নেতৃত্বে আসেন।
মাসখানেক আগে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নতুন নেতৃত্ব চেয়ে বিজ্ঞপ্তি জারি করে জেলা কমিটি। কর্মিসভা পরবর্তী যেকোনো দিন নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও দলের মধ্যে গুঞ্জন রয়েছে। অপরদিকে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ পদ পেতে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন। শুধু তাই নয়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে আগ্রহী নেতাদের অনুসারীরাও লবিংয়ে অংশ নিচ্ছেন।
উপজেলা যুবদলের পরবর্তী সভাপতি হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন, শাহজাহান আহমদ, সুফিয়ান আহমদ খান, নিজামুল কাদির লিপন ও এম এ মান্নান।
সাধারণ সম্পাদক পদে শোনা যাচ্ছে শাহনুর আহুমদ, এম এ কাদির, কামরুজ্জামান জুনাক, রাজু আহমদ, লায়েক আহমদ ও খালেদ আহমদের।
এ ছাড়া পৌর যুবদলের সভাপতি পদে আব্দুল আজিজ মুন্না, কামাল আহমদ, বাদল আহমদ ও মো. শাহ আলমের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান জুবেল, রাজু আহমদ ও আক্তার হোসেনের নাম আলোচনায় রয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন জানান, দীর্ঘদিন পর কর্মিসভা হবে। নেতাকর্মীরা উচ্ছ্বসিত। কর্মিসভায় কমিটির রূপরেখা হতে পারে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন জেলা যুবদলের সর্বোচ্চ নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাজাহান আহমদ বলেন, দলের দুর্দিনে যারা ছিলেন না, বর্তমান সুসময়ে তারাও নেতৃত্বে আসতে চাইছেন। তবে আমাদের বিশ্বাস, জেলা নেতৃবৃন্দ বিগত দিনে আন্দোলন-সংগ্রামে থাকা নেতৃত্বকেই বেছে নেবেন।
পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক বলেন, আগামীকাল কর্মিসভায় জেলার নেতৃবৃন্দ আসবেন। উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। কর্মিসভায় নতুন নেতৃত্ব বাছাইয়ের রূপরেখা চূড়ান্ত হতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিগত ফ্যাসিস্ট আমলে দলের নিবেদিতপ্রাণ নেতারাই কমিটিতে স্থান পাবেন।
পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ মুন্না বলেন, যুবদলের নতুন নেতৃত্বের মাধ্যমে মাঠ পর্যায়ে দলের অবস্থান শক্ত হবে। যুবদল নেতারা দীর্ঘদিন যাবত পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় রয়েছেন। দীর্ঘদিন পর কর্মিসভার কারণে যুবদলের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে।
বার্তা বিভাগ: সহযোগী সংবাদ
এই নিউজ ৩৩১ বার পড়া হয়েছে