[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাহিদের বাড়ির মালামাল জব্দ

প্রকাশিত August 26, 2025, 07:43 AM
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাহিদের বাড়ির মালামাল জব্দ

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাহিদ আহমদের বাড়ির মালামাল জব্দ করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (২৫ আগস্ট) পুলিশ বাঘা ইউনিয়নের উত্তর কান্দিগাও গ্রামে তার বাড়িতে গিয়ে তার ব্যবহৃত মালামাল জব্দ করে।

নাহিদ আহমদ উত্তর কান্দিগাও গ্রামের মুমিন আলীর ছেলে।

মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এ এস আই জার্নেল রানা তালুকদার।

তিনি বলেন, বাঘা ইউনিয়নের পরগনা বাজারে ব্যবসায়ী দক্ষিণ কান্দিগাও গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে রেহান উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় (মামলা নং-সি আর ১১১/২০২৪ইংরেজি) পলাতক থাকায় গত ১২জুলাই বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেট আসামী নাহিদ আহমদের মালামাল জব্দের আদেশ দিলে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা এর দায়িত্ব আমায় প্রদান করেন। এরপর আমি সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে গিয়ে তার পরিবারের জিম্মায় থাকা ব্যবহৃত মালামাল জব্দ করেছি।

তিনি আরো বলেন, পলাতক আসামী নাহিদ স্বপরিবারে লন্ডনে আছে। সে পরিবার থেকে পৃথক বসবাস করতো।

উল্লেখ্য, এর আগে এই মামলায় আদালত অভিযুক্ত নাহিদ আহমদ ও অপর আসামী বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

নাহিদের পিতা মুমিন আলী অভিযোগ করেন, আমার ছেলেকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় আসামী করা হয়েছে। আমার ছেলে দেশ ছেড়েও হয়রানি শেষ হচ্ছেনা। পুলিশ প্রতিনিয়ত আমাদের হয়রানি করছে, সর্বশেষ সোমবার আমার ছেলের ব্যবহৃত আসবাবপত্র পুলিশ এসে নিয়ে গেছে৷ আমার পরিবার খুব নিরাপত্তাহীনতায় ভুগছি।

এই নিউজ 369 বার পড়া হয়েছে