[english_date], [bangla_date], [hijri_date]

ব্রিটেনে বাংলা সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণে এগিয়ে এলেন বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকরা

প্রকাশিত November 6, 2026, 04:22 AM
ব্রিটেনে বাংলা সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণে এগিয়ে এলেন বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকরা

ব্রিটেনে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার শতাধিক বছরের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও অবদান সংরক্ষণের উদ্যোগে একযোগে এগিয়ে এসেছেন বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক, প্রকাশক, লেখক ও কমিউনিটি নেতৃবৃন্দ। এ লক্ষ্যে আয়োজিত এক পরামর্শ ও মতবিনিময় সভায় ৩০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি অংশ নিয়ে তাঁদের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও মূল্যবান পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে প্রকল্পটির সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের মাইল এন্ড রোডে অবস্থিত গ্র্যান্ড রসাই রেস্টুরেন্টে ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্রিটেনে বাংলা সাংবাদিকতার ইতিহাসের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত অভিজ্ঞ ব্যক্তিদের একত্রিত করে তাঁদের স্মৃতি, অভিজ্ঞতা ও ঐতিহাসিক তথ্য সংগ্রহ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ গুরুত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণের পথ সুগম করাই ছিল সভার মূল উদ্দেশ্য।

সভায় স্বাগত বক্তব্য দেন ইস্টহ্যান্ডসের চেয়ার ও ট্রাস্টি নবাব উদ্দিন। তিনি বলেন, এক শতাব্দীরও বেশি সময় ধরে ব্রিটেনে বাংলা সংবাদপত্র প্রবাসী বাংলাদেশিদের সংগ্রাম, সাফল্য, অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের ইতিহাস তুলে ধরেছে। প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে সংযোগ স্থাপন এবং ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির পরিচয় ও ঐতিহ্য সংরক্ষণে বাংলা সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় প্রকল্পের উদ্দেশ্য, পরিকল্পনা ও পাঁচটি প্রধান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক এএসএম মাসুম এবং গবেষণা ও ঐতিহ্যবিষয়ক সমন্বয়কারী সাইয়েম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইস্টহ্যান্ডসের ট্রাস্টি বাবলুল হক, উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং বিশ্বদীপ দাস।

প্রকল্পের পাঁচটি প্রধান কার্যক্রম

‘Over 100 Years of Bangla Newspapers History in Britain – Preserving the Legacy of Bangla Journalism’ শীর্ষক এ প্রকল্পের আওতায় পাঁচটি গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রথমত, ব্রিটেনে বাংলা সংবাদপত্রের শতাধিক বছরের ইতিহাস নিয়ে গবেষণা, সাক্ষাৎকার, ব্যক্তিগত স্মৃতিচারণ ও ঐতিহাসিক তথ্য সংগ্রহের মাধ্যমে একটি বিশেষ প্রকাশনা তৈরি করা হবে।

দ্বিতীয়ত, পুরোনো সংবাদপত্র, ছবি, ঐতিহাসিক দলিল ও গুরুত্বপূর্ণ উপকরণ সংরক্ষণের জন্য সবার ব্যবহারের উপযোগী একটি বিনামূল্যের ডিজিটাল আর্কাইভ ও ওয়েবসাইট তৈরি করা হবে।

তৃতীয়ত, ব্রিটেনে বাংলা সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবন, কর্ম ও অভিজ্ঞতা নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে।

চতুর্থত, টাওয়ার হ্যামলেটস হিস্ট্রি অ্যান্ড আর্কাইভ লাইব্রেরির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংবাদপত্র ও আর্কাইভ উপকরণ দীর্ঘমেয়াদে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

পঞ্চমত, লন্ডন ও বার্মিংহামে প্রদর্শনীর আয়োজন করে ব্রিটেনে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাস বৃহত্তর জনগোষ্ঠীর সামনে তুলে ধরা হবে।

আলোচনায় উঠে আসে ইতিহাস সংরক্ষণের গুরুত্ব

প্রকল্পের বিস্তারিত উপস্থাপনার পর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অতিথিরা ব্রিটেনে বাংলা সংবাদপত্রের প্রাথমিক বিকাশ, পথিকৃৎ সাংবাদিক ও প্রকাশকদের অবদান, প্রথম দিকের প্রকাশনার নানা চ্যালেঞ্জ এবং বাংলাদেশি কমিউনিটির অধিকার প্রতিষ্ঠায় সংবাদপত্রের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এ সময় পুরোনো সংবাদপত্র, ছবি, প্রকাশনা, ব্যক্তিগত সংগ্রহ ও ঐতিহাসিক দলিল সংগ্রহের পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের মৌখিক ইতিহাস বা ওরাল হিস্ট্রি সাক্ষাৎকার গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, ব্রিটেনে বাংলা সাংবাদিকতার ইতিহাস শুধু সংবাদপত্রের ইতিহাস নয়; এটি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সংগ্রাম, আত্মপরিচয়, অধিকার প্রতিষ্ঠা ও সাফল্যের ইতিহাস। তাই এই ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

সভায় উপস্থিত সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও কমিউনিটি প্রতিনিধিরা প্রকল্পটির প্রতি ব্যাপক আগ্রহ প্রকাশ করেন এবং নিজেদের ব্যক্তিগত সংগ্রহ, স্মৃতিচারণ, পেশাগত অভিজ্ঞতা ও ঐতিহাসিক তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

নবাব উদ্দিনের বক্তব্য

সভা শেষে ইস্টহ্যান্ডসের চেয়ার ও ট্রাস্টি নবাব উদ্দিন বলেন, “এত অভিজ্ঞ সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকদের কাছ থেকে যে আন্তরিক সাড়া ও সহযোগিতার আশ্বাস পেয়েছি, তা আমাদের অত্যন্ত উৎসাহিত করেছে। তাঁদের অভিজ্ঞতা, স্মৃতি ও অবদান অমূল্য। আমাদের কমিউনিটির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ব্রিটেনে বাংলা সাংবাদিকতার অবদান তুলে ধরতে এটি একটি সম্মিলিত উদ্যোগ।”

তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে সাংবাদিক, সম্পাদক, প্রকাশক, গবেষক ও কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে ইস্টহ্যান্ডসের ট্রাস্টি বাবলুল হক উপস্থিত সবাইকে তাঁদের মূল্যবান সময়, মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ জানান।

আয়োজকরা জানান, প্রকল্পের পরবর্তী পর্যায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, ঐতিহাসিক উপকরণ সংগ্রহ, প্রবীণ সাংবাদিকদের সাক্ষাৎকার গ্রহণ এবং ব্রিটেনে বাংলা সাংবাদিকতার অবদান নিয়ে পূর্ণাঙ্গ ইতিহাস তৈরির কাজ এগিয়ে নেওয়া হবে।

এ লক্ষ্যে সাবেক ও বর্তমান সাংবাদিক, সংবাদপত্রের প্রকাশক, তাঁদের পরিবার এবং সাধারণ মানুষের কাছে পুরোনো সংবাদপত্র, ছবি, সংবাদ প্রতিবেদন, কাটিং, প্রকাশনা, প্রচারপত্র, ঐতিহাসিক দলিল ও ব্যক্তিগত স্মৃতিচারণ দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

উপস্থিত ছিলেন যারা

সভায় উপস্থিত বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক, প্রকাশক, লেখক ও কমিউনিটি প্রতিনিধিদের মধ্যে ছিলেন সৈয়দ নাহাস পাশা, মহিব উদ্দিন চৌধুরী, উর্মি মাজহার, আফজাল হোসেন, শেখ মুজাম্মেল হোসেন কামাল, মোহাম্মদ জুবায়ের, তায়সির মাহমুদ, আনসার আহমদ উল্লাহ, সৈয়দ আনাস পাশা, সৈয়দ এনামুল হক, মো. এমদাদুল হক চৌধুরী, মোহাম্মদ বেলাল আহমেদ, সৈয়দ মনসুর উদ্দিন, সৈয়দ বদরুল আহসান, মাহবুব রহমান, মো. আবদুস সাত্তার, শাহ ইউসুফ, ড. মোশাহিদ আলী, আহমেদ সামাদ চৌধুরী, আজিজুল কয়েস, রহমত আলী, মোহাম্মদ সুবহান, মুকিম আহমেদ ও সুয়েজ মিয়া।

প্রকল্প পরিচিতি

ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ডের সহযোগিতায় ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটি এ জাতীয় ঐতিহ্য সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে। গবেষণা, প্রকাশনা, ডিজিটাল আর্কাইভ, প্রামাণ্যচিত্র, স্থায়ী সংরক্ষণ ও প্রদর্শনীর মাধ্যমে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির ইতিহাস এবং বহুসাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অধ্যায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: www.easthands.org

যোগাযোগ:
এএসএম মাসুম, প্রকল্প ব্যবস্থাপক — 07940 934130
সাইয়েম চৌধুরী, গবেষণা ও ঐতিহ্যবিষয়ক সমন্বয়কারী — 07957 775420
ইমেইল: easthandsuk@gmail.com

আয়োজকদের আহ্বান—ইতিহাস হারিয়ে যাওয়ার আগেই আসুন, সবাই মিলে আমাদের ইতিহাস সংরক্ষণ করি। আপনিও হোন ইতিহাসের অংশ।

এই নিউজ 312 বার পড়া হয়েছে