সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া সপ্তাহ–২০২৬ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোসলেহ উদ্দিন ভূঁঞা।
প্রধান অতিথির বক্তব্যে বিবিআইএস এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল মতিন বলেন, ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি দলগত কাজ, সহনশীলতা ও প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করে। আজকের এই আয়োজন প্রমাণ করে, বিবিআইএস শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমানভাবে অগ্রসর।
প্রধান বক্তার বক্তব্যে বিবিআইএস এর পরিচালনা পর্ষদের রেক্টর মোঃ কাওসার জাহান কয়সর বলেন, বর্তমান যুগে কেবল ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের হতে হবে সুস্থ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মানসিক চাপ কমায় এবং তাদের ভেতরে আত্মনিয়ন্ত্রণ ও নেতৃত্বের বিকাশ ঘটায়। ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়ন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিবিআইএস এর পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, এই প্রতিষ্ঠানের প্রতিটি আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, সততা ও সহমর্মিতা শিখছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে সফল হতে সহায়ক হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, বরং শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা। খেলাধুলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নয়নে বিশ্বাসী, তাই সহশিক্ষা কার্যক্রমকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এছাড়াও তিনি ক্রীড়া সপ্তাহ -২০২৬ সফলভাবে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিআইএস এর পরিচালনা পর্ষদের পরিচালক মিসবাউল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাহিদা আক্তার, সিনিয়র শিক্ষক বিজিত দেব রায়, বার্ষিক ক্রীড়া সপ্তাহ–২০২৬ এর আহ্বায়ক সৈয়দ মেহদী মাহবুব, সহ-আহ্বায়ক বাবুল চন্দ্র দাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
শিক্ষক মুজাহিদুল ইসলাম মোয়াজ ও সৈয়দা জারা নাসিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক আলাউর রহমান।
উল্লেখ্য, এবারের বার্ষিক ক্রীড়া সপ্তাহে ১৩টি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন খেলাধুলা সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
এই নিউজ ৩৮৩ বার পড়া হয়েছে