নিজস্ব প্রতিবেদক:: গোলাপগঞ্জ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দনপুর গ্রামে সাইদুল ইসলাম নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। গত মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল তাঁর বাড়িতে এই অভিযান চালায়। তবে পরিবারের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলায় তাঁকে হয়রানি করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার চন্দনপুর গ্রামের শফিক উদ্দিনের ছেলে সাইদুল ইসলামের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় আদালতের একটি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। সেই আদেশ তামিল করতেই পুলিশ তাঁর বাড়িতে হানা দেয়।
সাইদুল ইসলামের মা সংবাদমাধ্যমকে জানান, তাঁর ছেলে বর্তমানে দেশে নেই। ২০২২ সাল থেকেই তিনি ইংল্যান্ডে বসবাস করছেন। সাইদুল ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো, কিন্তু কারো ক্ষতি করেনি। বর্তমানে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর ১০ ও ১৭ আগস্ট তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে। বর্তমানে বিএনপি, ছাত্রশিবির ও এনসিপি’র পরিচয়ে তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
পুলিশি অভিযান এবং রাজনৈতিক হুমকির কারণে প্রবাসে থাকা সাইদুল দেশে ফিরতে পারছেন না এবং তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
অভিযানের বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, এটি পুলিশের নিয়মিত কাজের অংশ। আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা ও গ্রেফতারি পরোয়ানা থাকায় এই অভিযান চালানো হয়েছে। এখানে কাউকে ব্যক্তিগতভাবে হয়রানি করার কোনো উদ্দেশ্য নেই।
এই নিউজ ৩১৫ বার পড়া হয়েছে