২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে ক্যাব-এর মানববন্ধন: বাজার অভিযানে বাধা প্রদানকারীদের শাস্তির দাবি

প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ণ
সিলেটে ক্যাব-এর মানববন্ধন: বাজার অভিযানে বাধা প্রদানকারীদের শাস্তির দাবি

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিমূলক অভিযানে বাধা প্রদান এবং মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদে কনজ্যুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কনজ্যুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সার্জেন্ট অব: আবুল হোসেন, কোষাধ্যক্ষ সাংবাদিক ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক মো: দুলাল হোসেন, নির্বাহী সদস্য ইনামুল করিম চৌধুরী, গণদাবী ফোরাম সদস্য মোর্শেদ আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন। যারা সরকারি অভিযানে বাধা দিচ্ছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে মার্কেট বন্ধের হুমকি দিচ্ছে, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ। বক্তারা আরো বলেন, সম্প্রতি ঢাকায় সরকারি কাজে বাধা প্রদানের যে দৃষ্টান্ত তৈরি হয়েছে, তার পুনরাবৃত্তি যেন সিলেট সহ কোনো জায়গায় না ঘটে সে জন্য আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

স্মারকলিপিতে বলা হয়, বাজার অভিযানে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জেলা প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা, ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করতে প্রয়োজনীয় সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা।

এই নিউজ ৩৪৬ বার পড়া হয়েছে