৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বালাগঞ্জে ‘দিঘীর খাড়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মালিক

প্রকাশিত মার্চ ৪, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
বালাগঞ্জে ‘দিঘীর খাড়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মালিক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে দিঘীর খাড়া খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

বুধবার (৪ মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘সিলেট বিভাগের ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা কর্মসূচি’র অংশ হিসেবে এই পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, খাল পুনঃখনন প্রকল্পের আওতায় প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় কাজ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে তিন কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে শেষ হলে এলাকার প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ সরাসরি ও পরোক্ষভাবে উপকৃত হবেন।এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা উন্নত সেচ সুবিধা পাবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। খালের নাব্যতা ফিরলে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং খালের পাশ দিয়ে যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটবে।

সংসদ সদস্য বিএডিসি ও প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিক পরিশ্রমের প্রশংসা করে বলেন, সরকার, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কার্যক্রম সফল হবে। তিনি আরও বলেন, “সিলেট-৩ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও নদী ভাঙনরোধসহ এলাকার সকল উন্নয়ন চাহিদা পূরণে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

আলোচনা সভা শেষে তিনি দিঘীর খাড়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং প্রকল্পের কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

এই নিউজ ৩১২ বার পড়া হয়েছে