বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৬ উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজিতে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বেলা ১২টায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কনজ্যুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিভাগীয় জেলা শাখার সহ-সভাপতি ডা. আব্দুর রকিব, সহ-সাধারণ সম্পাদক সার্জেন্ট অব: আবুল হোসেন, কোষাধ্যক্ষ সাংবাদিক ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক মো: দুলাল হোসেন, নির্বাহী সদস্য ইনামুল করিম চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী অপু চৌধুরী, শিপন আহমদ, রিপন আহমদ, গণদাবী ফোরাম সদস্য মোর্শেদ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের পকেট কাটতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। ভেজাল ও মানহীন পণ্যে বাজার সয়লাব হয়ে যাওয়ায় জনস্বাস্থ্য আজ হুমকির মুখে। ভোক্তা অধিকার নিশ্চিতে বাজার তদারকি আরও জোরদার করার দাবি জানান বক্তারা।
সভায় ক্যাবের পক্ষ থেকে জনস্বার্থে ৭ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, অসাধু মজুতদার ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ। মানহীন, ভেজাল ও অনিরাপদ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে কঠোর ব্যবস্থা। পণ্যের গায়ে সঠিক মূল্য, উৎপাদন ও মেয়াদের তথ্য স্পষ্ট রাখা নিশ্চিত করা। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সংশোধন করে আরও যুগোপযোগী করা। ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রীত পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল কমার্স নির্দেশিকা বাস্তবায়ন করা।
পরিশেষে বক্তারা একটি ন্যায়ভিত্তিক ও ভোক্তা-বান্ধব বাজার ব্যবস্থা গড়ে তুলতে সরকার, ব্যবসায়ী ও সচেতন জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সবশেষে একটি র্যালি নগরীর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এই নিউজ ৩৮৩ বার পড়া হয়েছে