১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী শামীম

প্রকাশিত মার্চ ১৫, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

রবিবার (১৫ মার্চ) সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা আবুল কাহের চৌধুরী শামীম গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দল থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি একনিষ্ঠ থেকে প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সরব ভূমিকা পালন করেন। সিলেট-৬ আসনে দলীয় প্রার্থীর জয়ে তার সাংগঠনিক দক্ষতা ও প্রচারণা গুরুত্বপূর্ণ অবদান রাখে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের প্রতি আনুগত্য এবং নির্বাচনী বৈতরণী পার করতে বলিষ্ঠ ভূমিকা রাখায় সরকার ও দলের পক্ষ থেকে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

বিকেলে নিয়োগের খবর সিলেটে পৌঁছালে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে জেলা পরিষদ আরও গতিশীল হবে এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ফিরে আসবে।

নিয়োগ পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবুল কাহের চৌধুরী শামীম আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন এবং তাকে এই দায়িত্ব দেওয়ায় সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সিলেটের উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই নিউজ ৩১০ বার পড়া হয়েছে