১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

শাপলা কোচিং সেন্টার পরিবারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত মার্চ ১৭, ২০২৬, ০৩:২২ অপরাহ্ণ
শাপলা কোচিং সেন্টার পরিবারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ঐতিহ্যবাহী শাপলা কোচিং সেন্টার পরিবার।

মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর হাওয়াপাড়াস্থ খান অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে গরিব অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত শাপলা কোচিং সেন্টার দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ শুধুমাত্র আনন্দের উৎসব নয়; বরং এটি সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, তবে সমাজে সাম্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাবাজ মিয়া, শাপলা কোচিং সেন্টার পরিবারের সহ-সভাপতি লিটন আহমদ জুম্মান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, আইসিটি সম্পাদক হৃদয় আহমদ, আবুল হাসান, ইমনসহ শাপলা কোচিং সেন্টারের অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এই নিউজ ৩১২ বার পড়া হয়েছে