সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিনের মালিকানাধীন ‘ভাই ভাই মার্কেটে’ সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে সিলেট মহানগর ও জেলা যুবদল।
মঙ্গলবার (১৭ মার্চ) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১০ মার্চ নগরীর আখালিয়াস্থ আমাদের সহযোদ্ধা মো. আব্বাস উদ্দিনের ভাই ভাই মার্কেটে আকস্মিক অগ্নিকাণ্ড এবং তার ফলে ৮-১০টি দোকানের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে আমরা গভীরভাবে মর্মাহত। মহান আল্লাহর অশেষ রহমতে মার্কেটের ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা প্রাণে বেঁচে গেলেও সম্পদের যে বিপুল ক্ষতি হয়েছে তা অত্যন্ত কষ্টদায়ক।
নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডের এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ শর্ট সার্কিট নাকি অন্য কোনো প্রাকৃতিক বা ভিন্ন কারণ, তা দ্রুত উদঘাটন করা প্রয়োজন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই কঠিন সময়ে সিলেট মহানগর ও জেলা যুবদলের প্রতিটি নেতাকর্মী তাদের সহযোদ্ধার পাশে রয়েছে। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দ্রুত এই দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।
এই নিউজ 1,262 বার পড়া হয়েছে