একাত্তরের ২৫শে মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যায় নিহত শহীদদের স্মরণে সিলেটে ‘আলোর মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সিলেট জেলা সংসদ-এর উদ্যোগে এই শোকাবহ কর্মসূচির আয়োজন করা হয়।
হাতে মোমবাতি নিয়ে আয়োজিত এই আলোর মিছিলটি নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা গলির সামন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
আলোর মিছিলে উপস্থিত ছিলেন, নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাছিত শেরো, উদীচী শিল্পীগোষ্ঠী, সিলেট জেলা সংসদ-এর সাধারণ সম্পাদব দেবব্রত পাল মিন্টু, সহ-সভাপতি অভিজিৎ দাস জয়, অরবিন্দু দাস, রজত চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য সন্দীপ দেব, চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক মিনাষা ওয়াহিদ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, প্রমুখ।
মিছিলে উদীচীর শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অন্ধকার ছাপিয়ে আলোর মোমবাতি হাতে নিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২৫শে মার্চের গণহত্যা মানব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। এই কালরাত্রিতে শহীদদের আত্মত্যাগই আমাদের স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল। নতুন প্রজন্মের কাছে সেই ত্যাগের মহিমা তুলে ধরা এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকাই আমাদের আজকের অঙ্গীকার।
এই নিউজ ৩১২ বার পড়া হয়েছে