হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক মধ্যবয়সী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে সংগঠিত এই পৃথক দুটি ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে নিচে পড়ে গীতা রাণী দেব (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি বানিয়াচং উপজেলার আদমখানি মহল্লার মৃত রাজেশ চন্দ্র দেবের স্ত্রী।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, ওই নারী তার ভাইয়ের সাথে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে হবিগঞ্জ শহরে এসেছিলেন। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত তিনি উমদা মিয়া ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে জেলার লাখাই উপজেলায় বাড়ির পাশে অবস্থানকালে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে ফয়জল মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভরপূর্ণী গ্রামের মৃত মিয়াজত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একটি গাছের ডাল ভেঙে সরাসরি তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পৃথক এই দুটি অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
এই নিউজ ৩১৩ বার পড়া হয়েছে