৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মধ্যরাতে সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন, কোটি টাকার ক্ষতি

প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ণ
মধ্যরাতে সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন, কোটি টাকার ক্ষতি

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) রাত ১১টার পর সার্ভার রুমের দোতলায় হঠাৎ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানবন্দরটি।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিক আহমদ রাত সাড়ে ১২টায় গণমাধ্যমকে জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন নিভলেও ভবনজুড়ে বেশ কিছুক্ষণ ধোঁয়াচ্ছন্ন অবস্থা বিরাজ করছিল। তিনি আরও জানান, বিমানবন্দরের ওই দিনের নির্ধারিত সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। যার ফলে বিমানের শিডিউল বা ফ্লাইটের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, রাত ১১টার পর আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুমের যান্ত্রিক বা বৈদ্যুতিক কোনো ত্রুটি থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক ও চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে সার্ভার রুমের মূল্যবান আইটি সরঞ্জাম ও নথিপত্রের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই নিউজ ৩০৬ বার পড়া হয়েছে