[english_date], [bangla_date], [hijri_date]

সিলেটে পুলিশের নির্দেশনা, কোথায় কী করা যাবে না

প্রকাশিত April 7, 2026, 05:37 AM
সিলেটে পুলিশের নির্দেশনা, কোথায় কী করা যাবে না

সিলেটে বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাতে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এই আদেশ জারি করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন সিলেট এমসি কলেজ কেন্দ্র ও এর আশপাশের এলাকায় জননিরাপত্তা রক্ষায় কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে।

আগামী ৯, ১২, ১৬, ১৯, ২০, ২২, ২৩, ২৭, ২৮ ও ২৯ এপ্রিল এবং ৪, ৫, ৬ ও ৭ মে সিলেট এমসি কলেজ কেন্দ্রে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে উল্লেখিত দিনগুলোতে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্ব থেকে পরীক্ষা শেষের ১ ঘণ্টা পর পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে নিম্নলিখিত কাজগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেকোনো ধরনের জনসমাবেশ, মিছিল, হৈ-চৈ বা উচ্চস্বরে চিৎকার। গান-বাজনা, ঢাকঢোল, মাইক্রোফোন বা লাউড স্পিকারসহ শব্দ উৎপাদনকারী যন্ত্রের ব্যবহার। অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, লাঠি, ছোরা, বন্দুক, বিস্ফোরক দ্রব্য বা ইট-পাথর বহন ও ব্যবহার। বহিরাগত ও অননুমোদিত বা অবাঞ্ছিত ব্যক্তিবর্গের প্রবেশ। জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ড।

পুলিশ কমিশনারের আদেশ অনুযায়ী, পরীক্ষা চলাকালীন এমসি কলেজ ও এর পার্শ্ববর্তী এলাকা ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে গণ্য হবে। এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এসএমপি কমিশনার।

নগরবাসীকে বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং পরীক্ষার পবিত্রতা রক্ষায় পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই নিউজ 386 বার পড়া হয়েছে