সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পরবর্তীতে বিএসএফ তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করলে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার (৬ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠিয়েছে।
আটককৃতরা হলেন— বাগেরহাট জেলার কালিকা বাড়ি গ্রামের হাসান গাজি, তার স্ত্রী আয়শা খাতুন, একই জেলার ছোট বাদুরা গ্রামের শুকুর আলী, বেলাল হোসেনের স্ত্রী হাসিনা আক্তার, কিশোরগঞ্জ জেলার রোজিনা আক্তার, মুন্সিগঞ্জ জেলার পারুল রাজবংশী এবং সিলেটের জৈন্তাপুর থানার নাহিদ আহমেদ নাঈম ও হেলাল আহমেদ। এছাড়া তাদের সাথে ১৫ মাস বয়সী শিশু আবীর গাজিকেও আটক করা হয়।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফ (৪ ব্যাটালিয়ন) মুক্তারপুর ক্যাম্পের টহলদল তাদের আটক করে।
এরপর গত ৫ এপ্রিল (রবিবার) দুপুরে তামাবিল সীমান্তের ১২৭৫ নম্বর পিলার এলাকায় বিএসএফ ও বিজিবি তামাবিল ক্যাম্পের সদস্যদের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ৪ জন নারী, ৪ জন পুরুষ ও ১ শিশুকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বিএসএফ। গতকাল বিকেলেই বিজিবি তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করে।
এ ঘটনায় তামাবিল বিওপি ক্যাম্পের হাবিলদার হুমায়ন কবীর বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।
গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) কবীর হোসেন জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ ৯ জনকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছিল। বিজিবি গতকাল বিকেলে তাদের থানায় সোপর্দ করার পর মামলা রুজু করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এই নিউজ 364 বার পড়া হয়েছে