[english_date], [bangla_date], [hijri_date]

সিলেটে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারতের আসাম

প্রকাশিত April 7, 2026, 11:35 AM
সিলেটে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারতের আসাম

সিলেটের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বেলা ২টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে এই ভূ-কম্পন অনুভূত হয়।

তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ভূ-কম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি এলাকায়। যার অবস্থান সিলেট থেকে মাত্র ৭৪ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে।

ভৌগোলিক অবস্থান খুব কাছে হওয়ায় সিলেটের জকিগঞ্জ ও বিয়ানীবাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকায় ভূমিকম্পটি বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে। হঠাৎ কম্পন শুরু হলে নগরীর বহুতল ভবন ও বিপণিবিতানগুলোর মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে ভবন থেকে নিচে নেমে আসেন। তবে সিলেট জেলা প্রশাসন বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে, উৎপত্তিস্থল কাছে হওয়ায় কম্পনটি অনুভূত হলেও এর স্থায়িত্ব ছিল খুবই কম। তারা নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এই নিউজ 359 বার পড়া হয়েছে