সিলেটের ওসমানীনগরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাসার সামনেই প্রকাশ্যে ছিনতাইয়ের শিকার হয়েছেন মিতা দেব নামে এক গৃহবধূ।
গত মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ওসমানীনগর থানার পার্শ্ববর্তী গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের ‘আর কে টাওয়ার’-এর সামনে এই ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ওই গৃহবধূর গলার স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী মিতা দেব ইলাশপুর গ্রামের স্বপন দত্তের স্ত্রী। স্বপন দত্ত গোয়ালাবাজারের ‘জননী পাদুকা গৃহ’-এর স্বত্বাধিকারী।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মিতা দেব তার প্রথম শ্রেণিতে পড়ুয়া কন্যা মাধু দত্তকে ইলাশপুর লালাকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়ার ভাড়া বাসা ‘আর কে টাওয়ার’-এর সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার গতিরোধ করে।
ছিনতাইকারীদের একজনের মাথায় হেলমেট ছিল এবং বাকি দুজনের মুখ খোলা ছিল। তারা গৃহবধূর গলায় ধারালো ছুরি ও অস্ত্র ধরে মুহূর্তের মধ্যে গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
থানার একদম নিকটে এবং ওসির বাসার সামনে জনবহুল এলাকায় সকালবেলা এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার রাতে সাংবাদিকরা ভুক্তভোগীর বাসায় গেলে দেখা যায়, পরিবারের সদস্যরা এতটাই ভীত যে তারা দীর্ঘক্ষণ বাসার গেট খুলতে রাজি হননি। আতঙ্কিত মিতা দেব সাংবাদিকদের সাথে কথা বলতেও অপারগতা প্রকাশ করেন।
ভুক্তভোগীর স্বামী স্বপন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তবে ছিনতাইকারীদের চেনা সম্ভব হয়নি। এ বিষয়ে এখনও কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে আমি বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি।
এই নিউজ ৩১১ বার পড়া হয়েছে