[english_date], [bangla_date], [hijri_date]

কুলাউড়ায় আওয়ামী লীগ নেতা ছালেহ চৌধুরীর বাড়িতে হামলা ও লুটপাট, আহত ২

প্রকাশিত August 6, 2024, 01:57 PM
কুলাউড়ায় আওয়ামী লীগ নেতা ছালেহ চৌধুরীর বাড়িতে হামলা ও লুটপাট, আহত ২

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া (মৌলভীবাজার) :
গত ৫ আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদ ও স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। শেখ হাসিনা ও তার দলের শীর্ষ স্হানীয় নেতা ও দোসররা দেশ ছেড়ে পালিয়ে গেছে।দেশজুড়ে এই উদ্ভূত পরিস্থিতির সুযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে রাজনৈতিক প্রতিহিংসা ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকায় পৃথিমপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রব্বানী চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী স্থানীয় আওয়ামী লীগ নেতা ছালেহ আহমদ চৌধুরীর বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমিরা, শোকেস ও কাঁচের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল তছনছ করে এবং ব্যাপক লুটপাট চালায়।
হামলা চলাকালীন ছালেহ আহমদ চৌধুরীর স্ত্রী এবং তার পুত্র জিদানকে মারধর করে গুরুতর আহত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে হামলাকারীরা পুরো বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসী এগিয়ে আসে এবং তাদের হস্তক্ষেপে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া যায়।
ছালেহ চৌধুরীর বাড়ির পাশাপাশি একই রাতে ওই এলাকায় আরও তিন আওয়ামী লীগ নেতা ছয়ফুল, জুবের ও জামানের বাড়িতেও ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি জায়গা-জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতির সুযোগ নিয়ে একের পর এক হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই অরাজকতা বন্ধে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই নিউজ 391 বার পড়া হয়েছে