২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরণ, যুবক গ্রে ফ তা র

প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ণ
সিলেটে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরণ, যুবক গ্রে ফ তা র

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের ঘটনায় মাহদী হাসান মুন্না (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মোগলাবাজার থানা পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে ওই ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহদী হাসান মুন্না মোগলাবাজার থানাধীন পূর্ব শ্রীরামপুর এলাকার মৃত শাহীন আহমদ মোসাহিদের ছেলে।

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল সন্ধ্যায় মোগলাবাজার থানা এলাকার ওই স্কুলছাত্রী তার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ভিকটিমের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে, ওই ছাত্রীকে অপহরণ করে গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় রাখা হয়েছে।

পরবর্তীতে সোমবার (২০ এপ্রিল) সকালে মোগলাবাজার থানা পুলিশ গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী মুন্নাকে গ্রেপ্তার করে।

স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় তার অভিভাবক বাদী হয়ে সোমবার মোগলাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃত মুন্নাকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছিল। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে অপহৃতকে উদ্ধার এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

এই নিউজ ৩০৫ বার পড়া হয়েছে