৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট

প্রকাশিত মে ৪, ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ণ
সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) রাত ১০টায় সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে উড্ডয়ন করে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট।

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই ফ্লাইটের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ বিমানের নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে সরকার ইতোমধ্যে বোয়িং থেকে ১৪টি নতুন এয়ারক্রাফট ক্রয় করেছে। জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটিকে কেবল লাভজনক করাই আমাদের লক্ষ্য নয়, বরং বিশ্ব দরবারে এটিকে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, অদূর ভবিষ্যতে বহরে আরও বেশ কিছু উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

চলতি মৌসুমে সিলেট থেকে মোট সাতটি ডেডিকেটেড ফ্লাইটে ৩ হাজার ৩৯৪ যাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে একটি ফ্লাইট মদিনায় ও বাকি ছয়টি ফ্লাইট জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে। ছয়টি ফ্লাইটের সময়সূচি হলো যথাক্রমে ১৪ মে, ১৫ মে, ১৬ মে, ১৭ মে (২টি ফ্লাইট) ও ১৮ মে।

মোট যাত্রীদের মধ্যে ২ হাজার ৯৩৩ জন সরাসরি সিলেট থেকে যাবেন এবং অবশিষ্ট ৪৬১ জন যাত্রী ঢাকা হয়ে যাত্রা করবেন।

এই বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি হজ ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রী হজে যাবেন। সৌদি সরকার এ বছর হজ কোটা ব্যবস্থাপনায় এজেন্সি প্রতি ন্যূনতম দুই হাজার করে হজযাত্রীর সীমা নির্ধারণ দিয়েছিল।

বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ব্যবস্থাপক মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ। বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ট্রাফিক অফিসার জাকির হোসেন সুমনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্টেশন ম্যানেজার সাকিল আহমদ।

এই নিউজ ৩০২ বার পড়া হয়েছে