২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির শোক

প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ণ
গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির শোক

জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটের প্রধান সমন্বয়কারী গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

রবিবার (২৬ এপ্রিল) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট কবির আহমদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, গোলাম সারোয়ার মিলন ছিলেন রাজনীতির মাঠের এক সাহসী ও উজ্জ্বল নক্ষত্র। ছাত্রজীবন থেকেই তিনি নিষ্ঠা ও সততার সাথে রাজনীতিতে সক্রিয় ছিলেন।

মরহুম গোলাম সারোয়ার মিলন একজন তুখোড় ছাত্রনেতা হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তীতে তিনি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতীয় পার্টির সাবেক শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এবং প্রেসিডিয়াম সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মানিকগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী এই প্রবীণ নেতা মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের প্রথম জানাজার নামাজ আজ বাদ জোহর মানিকগঞ্জের সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর ঢাকার নাজিম উদ্দিন রোডের হোসেনি দালান সংলগ্ন কবিরাজ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এই নিউজ ৪০৭ বার পড়া হয়েছে