আইন অঙ্গনে অসামান্য অবদান এবং আর্তমানবতার সেবায় বিশেষ ভূমিকার জন্য ‘ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দেশ সেরা আইনজীবী (বিশেষ সম্মাননা) বিভাগে তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।
গত শনিবার ঢাকার একটি অভিজাত কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ও বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে এই সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজে ভূমিকা রাখা মোট ১০ জন শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে নিজ নিজ পেশায় অবদানের জন্য এ বছর এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ। আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী।
আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষকে বিনা মূল্যে আইনি সহায়তা প্রদান, আইন বিষয়ে গঠনমূলক গবেষণা এবং মানবাধিকার সুরক্ষায় নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় তার ভূমিকা দেশব্যাপী প্রশংসিত।
অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মাওলানা ওয়ালিউর রহমান চৌধুরী ও মোছাম্মৎ দিলারা খানম চৌধুরীর সুযোগ্য পুত্র। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি ‘হ্যাপী বাংলাদেশ’-এর গভর্ণর, রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫-এর ডেপুটি কো-অর্ডিনেটর এবং ‘দ্যা চেম্বার অব ল’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই নিউজ 464 বার পড়া হয়েছে