সিলেটের দক্ষিণ সুরমার চকের বাজার শেখপাড়া এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় মামুন আহমেদের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একদল মাদকসেবীর বিরুদ্ধে।
জানা যায়, গত ১১ মে (সোমবার) দিবাগত রাত আনুমানিক ১১টার সময় এলাকার চিহ্নিত মাদকসেবী মারজান আহমেদ, শাহ ফাহিম এবং সালমান আহমেদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী হামলা চালিয়ে আরিফ হোসেন, আকবর হোসেন, রিনা.. বেগম এবং তাসলিমা বেগমে গুরুতর আহত করে।
আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেখপাড়া এলাকার মামুন আহমেদ কিছুদিন পূর্বে এলাকার চিহ্নিত মাদকসেবী মারজান আহমেদ (পিতা- শামীম আহমেদ), শাহ ফাহিম (পিতা- মৃত সুন্দর শাহ) এবং সালমান আহমেদ (পিতা- মৃত আনা মিয়া)-কে তার বাড়ির আশেপাশে মাদক সেবন করতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হলে মাদকসেবীরা মামুন আহমেদকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে।
এরই ধারাবাহিকতায় গত ১১ মে রাতে মামুন আহমেদের অনুপস্থিতিতে ওই তিন অভিযুক্ত তাদের সঙ্গীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা ঘরে থাকা নারী ও পুরুষদের ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা এ সময় ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে স্বজনরা অভিযোগ করেছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার চিহ্নিত এই মাদকসেবীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এই নিউজ 331 বার পড়া হয়েছে