গোলাপগঞ্জ প্রতিনিধি:
আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় পেশাদার সাংবাদিক ছাদিকুর রহমান খন্দকারকে ফেসবুক মেসেঞ্জারে সুনির্দিষ্টভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শাহিন আহমেদ সাহি নামের এক স্থানীয় চিহ্নিত অপরাধী এই হুমকি দিয়েছে বলে জানা গেছে।
নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক ও নির্বাচনী পদপ্রার্থী ছাদিকুর রহমান খন্দকার।
অভিযোগ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ডাকঘরের অন্তর্গত উত্তর কানিশাইল গ্রামের শাহিন আহমেদের পুত্র শাহিন আহমেদ সাহি একজন কুখ্যাত চোর, ডাকাত ও ছিনতাইকারী হিসেবে এলাকায় পরিচিত।
সম্প্রতি এই অপরাধীর বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সচেতনতামূলক পোস্ট করেন সাংবাদিক ছাদিকুর রহমান খন্দকার। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শাহিন আহমেদ সাহি ফেসবুক মেসেঞ্জারে সরাসরি তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং অত্যন্ত আপত্তিকর ও ভয়ভীতিমূলক বার্তা পাঠায়।
প্রমাণ হিসেবে উক্ত ব্যক্তির ফেসবুক আইডি, আইডির লিংক এবং মেসেঞ্জারে দেওয়া হুমকির স্ক্রিনশটসমূহ লিখিত অভিযোগের সাথে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী ছাদিকুর রহমান খন্দকার জানান, তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচার-প্রচারণার কাজে তাকে দিন-রাত উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ও মাঠে-ঘাটে চষে বেড়াতে হচ্ছে। অনেক সময় গভীর রাতে একা একা তাকে বাড়ি ফিরতে হয়। এমন পরিস্থিতিতে চিহ্নিত ও কুখ্যাত এই অপরাধীর প্রকাশ্য হুমকি তার স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম ও জীবননাশের জন্য চরম ঝুঁকি তৈরি করেছে। বর্তমানে তিনি তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন।
একজন সাংবাদিক এবং একই সাথে আসন্ন উপজেলা নির্বাচনের প্রার্থীর ওপর এমন প্রকাশ্য হুমকির ঘটনায় এলাকার সাধারণ ভোটার, সচেতন মহল ও গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে ভুক্তভোগী ছাদিকুর রহমান খন্দকার প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, “আমি আশা করি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে। আমার নির্বাচনী নিরাপত্তা ও জানমালের সুরক্ষায় এই কুখ্যাত অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হোক।”
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আসামিকে গ্রেফতারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই নিউজ 479 বার পড়া হয়েছে