যুক্তরাজ্য সফররত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এবং জেলা ও দায়রা জজ আদালত সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মামুন আহমদ রিপনকে ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকের পক্ষ থেকে এক উষ্ণ ও বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে মংলবার ১৯ মে পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে।
আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের বিপুল উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এডভোকেট মামুন আহমদ রিপন দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ তথা ফুলবাড়ি ইউনিয়নের সামাজিক, রাজনৈতিক ও আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর সততা, নেতৃত্বগুণ এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা তাঁকে সবার কাছে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকের সভাপতি এমদাদ হোসেন টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় অতিথিবৃন্দ তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং ভবিষ্যতেও তিনি দেশ ও প্রবাসের মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটেস কাউন্সিল এর সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমেদ, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আব্দুর রহমান খান সুজা, জিল্লুল করিম চৌধুরী, জি এম অপু শাহরিয়ার, গুলশান আহমেদ, আব্দুল আহাদ, মিসবাহ উদ্দিন, শামসুল ইসলাম,সামস উদ্দিন খান, জুনেল আহমেদ জয়, ইমরুল হোসেন ও আব্দুল লতবসহ ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকের অন্যান্য নেতৃবৃন্দ, কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রবাসী গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও ফুলবাড়ি ইউনিয়নের উন্নয়ন, সামাজিক ঐক্য ও নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতে ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে।
সংবর্ধনার জবাবে এডভোকেট মামুন আহমদ রিপন ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রবাসে এসে নিজের এলাকার মানুষের এমন আন্তরিক ভালোবাসা ও সম্মান পেয়ে আমি সত্যিই অভিভূত। প্রবাসীরা দেশের অর্থনীতি ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয় এবং এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই নিউজ 308 বার পড়া হয়েছে